তিন শিশু কন্যাকে দামোদরের ভাসিয়ে দিল বাবা
দি নিউজ লায়ন ; পরপর কন্যা সন্তান হওয়ায় তিন শিশু কন্যাকেই দামোদরে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। একটি শিশুকে উদ্ধার করা গেলেও বাকি দু'জনকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।
অভিযুক্ত মিথিলেশ ঠাকুরকে গ্রেফতার করেছে পুলিশ। কি কারনে সে এমন ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরপর কন্যা সন্তান হওয়াতেই এই ঘটনা ঘটিয়েছে সে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের কুলটির চিনাকুড়ি ২ নম্বর এলাকার বাসিন্দা মিথিলেশের দুটি বিয়ে। প্রথম পক্ষের স্ত্রীর একটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে। দ্বিতীয় পক্ষের তিনটি কন্যা সন্তান। এই দ্বিতীয় পক্ষের তিনটি কন্যা সন্তানকে বুধবার দুপুরে দামোদর নদে ভাসিয়ে দেয় সে এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
ওয়াটার রিজার্ভঅয়্যারের এক কর্মী বিষয়টি দেখতে পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে একটি শিশুকে উদ্ধার করতে পারলেও বাকি দু'জনকে তিনি উদ্ধার করতে পারেননি। দামোদর নদের প্রবল স্রোতে দুই শিশু কন্যা মুহূর্তের মধ্যে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছোয়। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে। ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়।
যদিও বৃহস্পতিবার সকাল পর্যন্ত দুটি শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি। দামোদরে জল অত্যন্ত বেশি থাকায় এবং প্রবল স্রোত থাকায় মনে করা হচ্ছে দুটি শিশুর দেহ বহুদূর পর্যন্ত ভেসে গিয়ে থাকতে পারে। সে কারণে আশপাশের সমস্ত থানা কে খবর দেওয়া হয়েছে। গোটা ঘটনায় কার্যত স্তম্ভিত এলাকার বাসিন্দারা তাদের দাবি অভিযুক্তকে উপযুক্ত শাস্তি দিতে হবে।

Post a Comment